রাজাকারদের বংশধরের সঙ্গে কোনো আপস নয়: কাদের

রাজাকারদের বংশধরের সঙ্গে কোনো আপস নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তির কারণে স্বাধীনতাকে এখনো সুসংহত করা যায়নি।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি এবং তাদের বংশধর, তাদের ব্যাপারে আমাদের কোনো আপস নেই। দলে অনুপ্রবেশকারী হিসেবে কেউ থাকলে আগামী সম্মেলনের মাধ্যমে তাদের বের করে দেওয়া হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারাই কেবলমাত্র আওয়ামী লীগ করতে পারবে।

প্রসঙ্গত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা করে রবিবার প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ধাপে ধাপে আরও তালিকা প্রকাশ করা হবে।