নাগরিকত্ব আইন: সম্প্রীতির মিছিলে হাতে হাত ইমাম-পুরোহিত-ফাদারের

নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল ভারত। আসাম থেকে পশ্চিমবঙ্গ জুড়ে চলছে সহিংস বিক্ষোভ। এমন পরিস্থিতিতে শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা নিয়ে হাজির পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস।

আনন্দবাজার পত্রিকা জানায়, রাজ্যের বিভিন্ন প্রান্তে সহিসংতার মধ্যে সম্প্রীতি ও শান্তির বার্তা দিতে মালদহে তৃণমূলের মিছিলে হাতে হাত মিলিয়ে হাঁটলেন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও গির্জার ফাদার। তাদের সঙ্গে জাতীয় পতাকা নিয়ে কয়েক হাজার মানুষের সঙ্গে পা মেলালেন মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনও।

শুক্রবার তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দেন, রবিবার বিভিন্ন ব্লকে ব্লকে নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল করতে হবে। তার প্রেক্ষিতে এ দিন দুপুর ২টায় এই মিছিল বের করে তৃণমূলের মোথাবাড়ি বিধানসভা কমিটি। 

প্রতিবাদ মিছিলের সামনে জাতীয় পতাকা নিয়ে হাঁটেন সাবিনা ইয়াসমিন। তার পাশেই হাতে হাত ধরে হাঁটেন মোথাবাড়ি চৌরঙ্গি মসজিদের ইমাম মাওলানা ফারমান আলী, বৈষ্ণবনগর চার্চের ফাদার অ্যালেক্স মিনজ ও ইংরেজবাজার শহরের ঝলঝলিয়া এলাকার দু’টি কালীমন্দিরের পুরোহিত প্রদীপকুমার পাণ্ডে ও সঞ্জয় ঝাঁ। মিছিলটি প্রায় ৮ কিলোমিটার রাস্তা পরিক্রম করে। 

মাওলানা ফারমান বলেন, ‘নতুন আইন ঘিরে মানুষের মনে সংশয় ছড়িয়েছে। অনেকের প্রশ্ন, তারা এ দেশে থাকতে পারবেন কিনা। কিন্তু এ নিয়ে বিভিন্ন জায়গায় ঝামেলা হচ্ছে। সম্প্রীতি নষ্ট হচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত। সম্প্রীতির বার্তা দিতেই আমরা সকলে হাতে হাত ধরে মিছিলে হাঁটলাম।’