বছরের শুরুতে শোনা যায়, বিবাহ কেন্দ্রিক একটি সিরিজ নিয়ে কাজ করছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বলিউড ও হলিউডের দুই তারকার বিয়ের এক বছরের মাথায় এলো নতুন খবর। সেই প্রজেক্ট শুটিং ফ্লোরে যাচ্ছে ২০২০ সালে।
বলিউড লাইফ জানায়, মূলত স্ট্রিমিং প্ল্যাটফর্ম আমাজনের সঙ্গে মিলে বিয়ের গান নিয়ে ‘সংগীত সিরিজ’ করছেন তারা।
ইনস্টাগ্রামে এই ঘোষণা দেন ভারতের জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রী প্রিয়াঙ্কা। অনেকটা চিত্রনাট্যহীন এই অনুষ্ঠানে হবে ‘ড্যান্স-অফ কমপিটিশন স্টাইলের’। যেখানে অংশগ্রহণকারীরা তুলে ধরবেন প্রেম কাহিনি, সস্পর্কের অবিস্মরণীয় মুহূর্তগুলো। এখনো শিরোনাম ঠিক না হওয়া এই অনুষ্ঠানে বন্ধু ও পরিবার নিয়ে আসবেন অংশগ্রহণকারীরা। তারা সবাই বিয়ের আগের রাতে নাচ-গানে শামিল হবেন।
সেখানে নিজেদের বিয়ের স্মৃতিও শেয়ার করবেন প্রিয়াঙ্কা-নিক। যারা ২০২০ সালের বসন্ত বা গরমে বিয়ে করতে যাচ্ছেন তারা এই আয়োজনের অংশ হতে পারবেন বলেও জানান নায়িকা।
আনুষ্ঠানিক সিনোপসিসে জানানো হয়, মূলত পরিবার ও বন্ধুদের সঙ্গে মিলে বিয়ের আগের সন্ধ্যায় গান ও নাচ উদ্যাপনকে তুলে ধরা হবে। এখানে বৈচিত্র্যকে গুরুত্ব দেওয়া হবে। ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক আবহ থেকে আসবেন অংশগ্রহণকারীরা। তাদের পারফর্মকে আরও সুন্দর করে তুলতে সাহায্য করবেন সেলিব্রিটি কোরিওগ্রাফার, স্টাইলিস্ট ও ক্রিয়েটিভ ডিরেক্টররা।
প্রিয়াঙ্কা চোপড়াকে সর্বশেষ দেখা গেছে সোনালি বোসের ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবিতে। সঙ্গে ছিলেন ফারহান আখতার ও জায়রা ওয়াসিম। বর্তমানে নেটফ্লিক্সের জন্য ‘দ্য হোয়াইট টাইগার’-এর শুটিং করছেন।