নারীরা ক্ষমতায় এলে পাল্টে যেতো পৃথিবীর পরিস্থিতি: ওবামা

পৃথিবীর সব দেশে পুরুষের বদলে যদি নারীরা ক্ষমতায় থাকতেন, তাহলে বিশ্বব্যাপী মানুষের জীবনমান অনেক উন্নত হতো। এ কথা বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিবিসি জানায়, সিঙ্গাপুরে ওবামা ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, নারীরা ‘নিখুঁত’ নন ঠিকই, তবে পুরুষের চেয়ে অবশ্যই ভালো।

পৃথিবীতে সরকার গঠনে নারীদের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত, শুধু দুই বছরের জন্য যদি বিশ্বের প্রতিটি দেশে নারীরা ক্ষমতায় আসতেন, তাহলে পুরো পৃথিবীতেই ভিন্ন রকম পরিস্থিতি দেখতে পেতাম আমরা। নারীরা ক্ষমতায় এলে মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হতো।’

আবারও রাজনীতিতে ফিরতে চান কি না, এমন প্রশ্ন করা হয় ওবামাকে। উত্তরে তিনি বলেন, ‘সঠিক সময়ে রাজনৈতিক নেতাদের সরে দাঁড়ানোই ভালো। পুরো বিশ্বের দিকে তাকালে দেখবেন, বেশির ভাগ সমস্যার মূলে বয়স্ক মানুষেরাই। বয়স্ক ব্যক্তিরা ক্ষমতা না ছাড়লে এমন সমস্যা হবেই।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক নেতাদের এটা মনে রাখা উচিত, তারা একটি নির্দিষ্ট কাজ করতে এসেছেন, আজীবন ক্ষমতায় থাকার জন্য আসেননি।’

প্রসঙ্গত, ক্ষমতা ছাড়ার পর থেকে জনকল্যাণমূলক কাজে নিজেকে যুক্ত করেছেন বারাক ওবামা। বিশ্বজুড়ে তরুণ নেতাদের নিয়ে কাজ করার জন্য স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে তিনি ওবামা ফাউন্ডেশন গড়ে তুলেছেন।