রাজধানীতে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে দুজন আহত হয়েছে। তাদেরকে সোমবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতরা হলেন- গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টারের একটি জুতার দোকানের কর্মচারী ফেরদৌস হোসেন (১৯) ও মিরপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্র আশরাফুল ইমলাম অমিত (২০)।
গাবতলী বাস টার্মিনালের ভেতরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফেরদৌস ও মিরপুর পল্লবীতে চোরের ছুরিকাঘাতে আহত হন অমিত।
আহত ফেরদৌসের বন্ধু নাজমুল হোসেন জানান, দোকানের পাওনা টাকার তাগাদা দিতে বিকেলে গাবতলী এলাকায় যায় ফেরদৌস। গাবতলী বাস টার্মিনালের ভেতর দিয়ে যাওয়ার সময় ৫-৬ জন ছিনতাইকারী তার মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে সে বাঁধা দিলে তার ডান পায়ে ছুরিকাঘাত পকেটে থাকা ৭ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে পরে ডেমরার বাসায় চলে যায়। পরে রাতে সেখান থেকে তাকে আবার ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
অপর ঘটনায় আহত অমিতের চাচাতো ভাই ইরফান জানান, মিরপুর ১২ নম্বর সেকশনের ১৪ নম্বর লাইনে কিছুদিন আগে চুরি হয়। সেই ঘটনায় সোমবার সন্ধ্যায় এক চোরকে ধরে এলাকাবাসী। চোরকে মারধর করার সময় দেখতে যায় অমিত। চোর তার সঙ্গে থাকা ছোট ছুরি বের করে সবাইকে আক্রমণ করতে থাকে। একপর্যায়ে অমিতের পেটে ছুরির আঘাত লাগে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, পৃথক ঘটনায় তাদের ২জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।