নিয়ন্ত্রিত গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে : ভিপি নুর

দেশে নিয়ন্ত্রিত গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

তিনি আরও বলেছেন, মুক্তিযোদ্ধারা যে বাংলাদেশের স্বপ্ন  দেখেছিলেন সেই স্বপ্ন পূরণ হয়নি। দেশের সরকার ও বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা নেই। বিজয় দিবস উপলক্ষে গতকাল সোমবার দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য  করেন তিনি। তিনি বলেন, ‘স্বাধীনতার ৪৮ বছরেও মানবতাবিরোধী অপরাধীদের বিচার শেষ করা যায়নি। দ্রুত বিচার ট্রাইব্যুনাল করা হলেও রাজনৈতিক বিবেচনায় বিচার করায় তা দীর্ঘায়িত হচ্ছে। দেশের সরকার ও বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা নেই।’ বিজয়ের মাসে যুদ্ধাপরাধীকে ‘শহীদ’ লেখার ধৃষ্টতার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করে দেশকে কলঙ্কমুক্ত করার দাবি জানাচ্ছি।’

ভিপি নুর বলেন, ‘নিয়ন্ত্রিত গণতন্ত্রের নামে দেশে এখন স্বৈরতন্ত্র চলছে। দেশের এই গণতন্ত্রহীনতার জন্য রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীদের ব্যর্থতা রয়েছে। বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের দায়িত্ব রয়েছে।’