সাভারে জি এম কাদের

সত্যিকার রাজাকারের তালিকা দেশবাসীর জন্য মঙ্গলজনক

সত্যিকার রাজাকারদের তালিকা দেশবাসীর জন্য মঙ্গলজনক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়রাম্যান জি এম কাদের। গতকাল সোমবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জাপা চেয়ারম্যান বলেন, যারা স্বাধীনতাযুদ্ধে বিরোধিতা করেছিল, তাদের সম্পর্কে জাতির সুস্পষ্টভাবে ধারণা থাকা দরকার। এ জন্য সত্যিকার রাজাকারের তালিকা থাকা দেশবাসীর জন্য মঙ্গলজনক।

জি এম কাদের বলেন, জাতীয় পার্টি ক্ষুধা, দারিদ্র্য ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি, সামনের দিনে দেশে বেকারত্ব থাকবে না। মানুষ শান্তিতে বাস করবে, রাষ্ট্র থেকে যেসব সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে, যা তাদের পাওয়ার কথা। তিনি বলেন, আমরা সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও বেকারত্বমুক্ত দেশ চাই। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, যাতে স্বাধীনতার সুফল সবার মধ্যে পৌঁছায়।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছি। গণতন্ত্রকে শতভাগ অর্জন করা সম্ভব হয় না। তবে যতটা বেশি সম্ভব, ততটাই গণতন্ত্র আমরা অর্জন করতে কাজ করব।