নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাস্তায় নামা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজ্য পশ্চিমবঙ্গে জাতীয় জনসংখ্যা নিবন্ধন প্রক্রিয়া বন্ধ করে দিয়েছেন।
ভারতে মানুষ গণনার স্বার্থে প্রতিটি রাজ্য জাতীয় জনসংখ্যা নিবন্ধন করা হয়। এই তালিকা থেকেই ভবিষ্যতে নাগরিক তালিকা তৈরি করা হবে। কিন্তু নতুন আইনের অধীনে মমতা ওই নাগরিক তালিকা করতে চান না।
সংশোধিত আইনটিতে বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে শরণার্থী হিসেবে হিন্দু, পারসি, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মাবলম্বীরা আশ্রয় নিতে বাধ্য হলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। সেখানে প্রতিবেশী দেশ থেকে যাওয়া মুসলিমদের বিষয়ে কোনো উল্লেখ নেই।
পশ্চিমবঙ্গসহ তিনটি রাজ্য এই নতুন আইন কার্যকর করতে রাজি হয়নি। ভারতের কেন্দ্রীয় সরকার অবশ্য বলছে, রাজ্যগুলোর পক্ষে এটি কার্যকর না করার কোনও সুযোগ নেই।
সোমবার সকালে নতুন নাগরিক আইনের প্রতিবাদে মহামিছিলের ডাক দেয় মমতার তৃণমূল সরকার। বিরাট ওই মিছিল রেড রোডে শুরু হয়ে শেষ হয় জোড়াসাঁকোয়।
মিছিলে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি যতদিন বেঁচে আছি, এই রাজ্যে নাগরিকত্ব আইন বা এনআরসি করতে দেব না। আপনারা আমার সরকারকে বাতিল করতে পারেন অথবা আমাকে জেলে ভরতে পারেন, আমি কখনোই এই কালো আইনকে প্রয়োগ করতে দেব না। আমি গণতান্ত্রিকভাবে প্রতিবাদ চালিয়ে যাব যতক্ষণ না এই আইন তুলে নেওয়া হবে।’