চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্রয়ে নাপোলিকে পেয়েছে বার্সেলোনা। তুলনামূলক কম শক্তিশালী হলেও দলটিকে বিপজ্জনক হিসেবে দেখছেন কাতালান ক্লাবটির কোচ এরনেস্তো ভালভেরদে।
২৫ ফেব্রুয়ারি প্রতিযোগিতাটির শেষ ষোলোর প্রথম লেগে নাপোলির মাঠে খেলতে নামবে বার্সেলোনা। এরপর ১৯ মার্চ নিজেদের মাঠে ফিরতি লেগে ইতালিয়ান ক্লাবটির মুখোমুখি হবে লা লিগা চ্যাম্পিয়নরা।
ইতালির ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ লিগ সেরি আয় নাপোলির সময়টা মোটেও ভালো যাচ্ছে না। শীর্ষে থাকা ইন্টার মিলান থেকে ১৮ পয়েন্টে পিছিয়ে টেবিলের অষ্টমস্থানে আছে তারা।
সেরি আয় নাপোলির বাজে ফর্মের কারণেই ক্লাবটির কোচের চাকরি হারাতে হয়েছে কার্লো আনচেলত্তিকে। তবে চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত পথ চলাটা দারুণ হয়েছে তাদের। অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করেছে দলটি। ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন দল লিভারপুল থেকে এক পয়েন্ট কম নিয়ে নকআউট পর্ব শেষ করেছে তারা। এই জন্যই নাপোলিকে যত ভয় বার্সেলোনা কোচের।
প্রাক-মৌসুমের ম্যাচে নাপোলিকে ৪-০ গোলে বার্সেলোনার উড়িয়ে দেওয়ার অভিজ্ঞতা থাকলেও প্রতিপক্ষটি নিয়ে বেশ সতর্ক ভালভেরদে। তাদের হারাতে হলে সেরাটা দিয়ে খেলতে হবে বলে মনে করেন মেসি-সুয়ারেসের কোচ।
বার্সেলোনা টিভিকে ভালভেরদে বলেন, “নাপোলি বিপজ্জনক একটি দল। এটা পরিষ্কার যে, তারা তাদের সেরা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে না। তারা কোচের জায়গায় একটা পরিবর্তন এনেছে। ধীরে ধীরে এই পরিবর্তনে মানিয়ে নেবে।... নিঃসন্দেহে এই লড়াইয়ের জন্য আমরা খুব ভালো প্রস্তুতি নেব।”