মোদিকে ‘মানুষের শাস্তির’ কথা স্মরণ করালেন প্রণব

ভিন্ন মতকে প্রাধান্য না দিলে পরিণতি কেমন হতে পারে, সেটি ভারতের ক্ষমতাসীনদের স্মরণ করিয়েছেন দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

সোমবার ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজিত অটল বিহারী বাজপেয়ি স্মারক বক্তৃতার সময় তিনি বলেন, ‘নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কেউ স্থায়ী সরকার গড়তে পারে ঠিকই। কিন্তু তার মানে সংখ্যাগরিষ্ঠ মানুষের মত তার পক্ষে রয়েছে এমন নয়।’

‘দেশে সুশাসনের লক্ষ্যে ভিন্ন মতকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তা না হলে সরকারের টিকে থাকা কষ্টসাধ্য। যতবার দেশের সরকার এই সার সত্য মেনে চলেনি, ততবারই দেশের মানুষ তাদের শাস্তি দিয়েছে। দুর্ভাগ্য যে রাজনীতিকদের অনেকেই শিক্ষা নেননি।’

প্রণব এমন সময় এই মন্তব্য করলেন যখন নাগরিকত্ব আইন নিয়ে ভারত উত্তাল।

সংশোধিত আইনে বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে শরণার্থী হিসেবে হিন্দু, পারসি, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মাবলম্বীরা আশ্রয় নিতে বাধ্য হলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। সেখানে প্রতিবেশী দেশ থেকে যাওয়া মুসলিমদের বিষয়ে কোনো উল্লেখ নেই।

পশ্চিমবঙ্গসহ তিনটি রাজ্য এই নতুন আইন কার্যকর করতে রাজি হয়নি। ভারতের কেন্দ্রীয় সরকার অবশ্য বলছে, রাজ্যগুলোর পক্ষে এটি কার্যকর না করার কোনও সুযোগ নেই।

আইনের প্রতিবাদে বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ। কয়েকটি এলাকা রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠেছে।