মেয়ের বিয়ের দাওয়াত দিতে গিয়ে সড়কে লাশ হলেন বাবা

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে স্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান ট্রলির ধাক্কায় আবুল হাসেম (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার আমলা দাখিল মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ছেলে সোহান বলেন, আগামী শুক্রবার আমার ছোট বোনের বিয়ের দাওয়াত দিতে আত্মীয়দের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন আবুল হাসেম।

লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

নিহত আবুল হাসেম স্থানীয় শের আলীর মেয়ে জামাই এবং আমলা বাজারের গার্মেন্ট ব্যবসায়ী।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে মোটরসাইকেল আরোহী আবুল হাসেম দাখিল মোড়ে পৌঁছালে কুষ্টিয়া-মেহেরপুরগামী ট্রলি পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে আবুল হাসেম রাস্তায় ছিটকে পড়ে ট্রলির নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ঘটনাস্থল থেকে ট্রলিটি উদ্ধার করলেও চালক পালিয়ে যাওয়ার তাকে আটক করা যায়নি।