নাগরিকত্ব আইন: জনতা-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র দিল্লি

বিতর্কিত নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে মঙ্গলবার ফের রণক্ষেত্র উঠল দিল্লির রাজপথ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, সংঘর্ষে একটি স্কুল বাসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আগুন দেয়া হয়েছে পুলিশের একটি গাড়িতে। ঘটনার জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় সাতটি মেট্রো স্টেশন।

দুপুর ১২টা নাগাদ সিলামপুর এলাকায় দিল্লির অন্তত দুই হাজার মানুষ নাগরিকত্ব আইনের বিরোধিতায় জড়ো হয়। জামিয়া মিল্লিয়ায় পুলিশের নৃশংস অভিযানের প্রতিবাদও করতে দেখা যায় তাদের।

পুলিশের দাবি, বিক্ষুব্ধ জনতা পুলিশের দিকে ইট ছুড়ে মারে। পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশও। তখন পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। একটি স্কুল বাসে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পুলিশের দিকে পাথর নিক্ষেপ থামাতে তাদের লাঠিপেটা করা হয়। এদিন অন্তত দুইজন পুলিশ আহত হয়েছে।

শুক্রবার থেকে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়। তবে রবিবার বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয় বহু সাধারণ মানুষ। সেখানে বাসে আগুন ধরানোর ঘটনায় পুলিশ-জনতার সংঘর্ষ রণক্ষেত্রে রূপ নেয়। সেই ঘটনার জেরে রাতে বিশ্ববিদ্যালয়ে হানা দিয়ে তাণ্ডব চালায় পুলিশ।