দুই ঘণ্টার ব্যবধানে তিনটি ছিনতাইয়ের ঘটনায় তিনজন গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন এলাকায় দুই ঘণ্টার ব্যবধানে তিনটি ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে একজন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ আদালতে পাঠালে বিচারক তাদের জেল-হাজতে পাঠান বলে জানিয়েছেন ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদাউস আহমেদ বিশ্বাস।

সোমবার রাত ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে ছিনতাইয়ের এই ঘটনাগুলি ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন- মিঠুন (১৯), সঞ্জু (২০) ও পায়েল (১৯)। এ সময় তাদের নিকট থেকে একটি ধারালো চাকু উদ্ধার করে পুলিশ।

ছিনতাইয়ের শিকার মিঠামইনের সুজন মিয়া জানান, রাত ৭টার দিকে স্টেশনে যাওয়ার পথে স্টেশন সংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে নগদ ৩ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেট নিয়ে যায়।

অপরদিকে রাত ৮টার দিকে স্টেশন এলাকায় শহরের লক্ষ্মীপুর ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী সাইফুল ইসলামকে অস্ত্রের মুখে আটক করে একটি মোবাইল ফোনসেট ছিনিয়ে ছিনতাইকারীরা।

রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের পূর্বপাশে শামীম আহমেদকে অস্ত্রের মুখে আটক করে ছিনতাই করতে গেলে তিনি বাধা দেন। এতে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকারে আসে পাশের লোকজনসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে উল্লেখিত তিন ছিনতাইকারীকে আটক করে।

এ প্রসঙ্গে ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক সুরুজ্জামান জানান, ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে আঘাত করেছে শুনতে পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হই।