ব্যাংকের ভুলে কোটিপতি হয়ে গেলেন যুক্তরাষ্ট্রের উত্তর টেক্সাসের এক নারী। তবে নিজ থেকেই ব্যাংকের ভুলটি প্রকাশ করে প্রশংসিত হয়েছেন তিনি।
নিউজউইক জানায়, রুথ ব্যালুন নামে ওই নারী গত সপ্তাহে তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেই আঁতকে ওঠেন। কারণ সেখানে জমা হয়েছে অতিরিক্ত কোটি কোটি টাকা।
দেখা গেছে, রুথের অ্যাকাউন্টে ঢুকেছে প্রায় তিন কোটি ৭০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩১৫ কোটি টাকা।
রুথ প্রথমে ভেবেছিলেন ক্রিসমাস উপলক্ষে হয়তো উপহার পাঠিয়েছে সান্তা। কিন্তু টাকার অঙ্ক দেখে বুঝলেন, কোথাও কোনো ভুল হয়েছে। পুরো ঘটনা তিনি তখন তার স্বামীকে জানান।
পরদিন রুথের স্বামী ফোন করেন লেগাসিটেক্সাস ব্যাংকে। সেখানে বিষয়টি জানান। তখন বেরিয়ে আসে আসল ঘটনাটি।
ব্যাংক জানায়, ম্যানুয়াল এন্ট্রি করতে ভুল হওয়াতেই ওই পরিমাণ টাকা চলে গিয়েছে রুথের অ্যাকাউন্টে। তখন ব্যাংকের পক্ষ থেকে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া হয়।
ব্যাংক কর্তৃপক্ষ আরও জানায়, রুথের চোখে যদি এই ভুল ধরা না পড়ত, পরবর্তীতে ঠিকই বিষয়টি জানতে পারত ব্যাংক। পরে রুথের অ্যাকাউন্ট থেকে সেই টাকা ফেরত নিয়ে নেয় তারা।