রাজাকারের তালিকা ‘সরকারের মনগড়া’: আবদুল্লাহ আল নোমান

মুক্তিযুক্ত বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত রাজাকারের তালিকা ‘সরকারের মনগড়া’ বলে মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, এই তালিকা সরকারের ষড়যন্ত্রের অংশ। সরকার যদি মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে রাজাকারের তালিকা করত তা হলে কোনো ধরনের অভিযোগ থাকত না।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি মোড়ে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত বিজয় র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকার বিএনপিকে যথাসময়ে বিজয় দিবসের অনুষ্ঠান পালন করতে দিচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, বিগত সংসদ নির্বাচনে যেমন ৩০ তারিখের ভোট ২৯ তারিখ হয়ে গেছে, তেমনি আমাদের বিজয় দিবসও ১৬ তারিখের পরিবর্তে ১৭ তারিখে পালন করতে হচ্ছে। এটা আমাদের নয়, জাতীয় লজ্জার বিষয়। বিজয় দিবস কোন একক দলের নয়। সরকার যদি বিজয় দিবসের র‌্যালি বিজয় দিবসের দিন করার অনুমতি দিত, তাহলে সকলের সঙ্গে বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করা যেতো।

আবদুল্লাহ আল নোমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে বলেন, তিনি যত দিন মুক্ত না হবেন ততক্ষণ বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা চলতে থাকবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু প্রমুখ বক্তব্য রাখেন। পরে বিজয় র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।