জমি নিয়ে বিরোধের জেরে সুফিয়া বেগম নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। দুই ভাতিজা তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিকেলে পুলিশ লাশ উদ্ধার করেছে।
নিহত সুফিয়া বেগম (৩৮) গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক সুলতানপুর এলাকার তোতা মিয়ার স্ত্রী ।
কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, তোতা মিয়ার সঙ্গে তার চাচাত ভাই মোক্তার হোসেনের পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই জমি নিয়ে বিকেলে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মোক্তার হোসেনের ছেলে মামুন হোসেন ও সুমন মিয়া দা নিয়ে তোতা মিয়ার স্ত্রী সুফিয়া বেগমকে ধাওয়া দেয়। একপর্যায়ে সুফিয়া বেগমকে ধরে দা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে কাপাসিয়া থানা থেকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও বলেন, ঘটনার পর আসামিরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।