‘আখাউড়া হাসপাতালে চিকিৎসক থেকেও নেই’ গত রবিবার এ শিরোনামে দৈনিক দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর গত সোমবার হাসপাতাল পরিদর্শনে যান উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা।
এ সময় হাজিরা খাতায় স্বাক্ষর করে কর্মস্থলে ছিলেন না ডা. রুহুল মোছেন সুজন ও ডা. দীমান দেবনাথ। পরে তাদের শোকজ করে জেলা সিভিল সার্জন কার্যালয়। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় বেতনভাতা।
জানা গেছে, গত রবিবার সংবাদ প্রকাশের পর স্থানীয় সাংসদ আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান কাশেম ভূঁইয়া ও ইউএনও তাহমিনা আক্তার। এ সময় তারা দেখেন, নতুন যোগদান করা ছয় চিকিৎসক ও আগের নয়জনের মধ্যে ছয়জন ছুটিতে। একজনকে তারা জরুরি বিভাগে পান। আর ডা. রুহুল ও দীমান হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে চলে যান।
উপজেলা চেয়ারম্যান বলেন, মন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জরুরি বিভাগে একজন চিকিৎসক পাওয়ায় যায়। আর দুজন হাজিরা দিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকেন। পরে বিষয়টি তাৎক্ষণিক মন্ত্রীকে জানানো হয়।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহ আলম বলেন, কর্মস্থলে অনুপস্থিত থাকায় ডা. রুহুল ও দীমানকে কারণ দর্শানো নোটিস দেওয়া হয়েছে। এছাড়া তাদের বেতনভাতা বন্ধ করা হয়েছে।