জুতা কেনার সামর্থ্য নেই, ব্যান্ডেজ পায়ে দৌড়েই ৩ সোনার মেডেল!

সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রবল আগ্রহ ও ইচ্ছার জোর মানুষকে কোথায় নিয়ে যায়, তার দৃষ্টান্ত রাখল ফিলিপাইনের কিশোরী রিহা বুলোস।

ইন্ডিয়া টাইম জানায়, জুতা কেনার সামর্থ্য ছিল না ১১ বছর বয়সী রিহার। এরপরেও দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় সে। শুধু তাই নয়, তিন তিনটি সোনার মেডেলও জিতে নিয়েছে সে।

সম্প্রতি ফিলিপাইনে অনুষ্ঠিত হয় ইলইলো স্কুলস স্পোর্টস মিট। স্কুলভিত্তিক সেই প্রতিযোগিতায় ছিল বিভিন্ন ইভেন্ট। ৪০০ মিটার, ৮০০ মিটার ও ১৫০০ মিটার, তিনটি ইভেন্টেই সোনার মেডেল জিতেছে রিহা।

দামি স্পোর্টস সু  না থাকলে কী হবে, ব্যান্ডেজ জড়িয়ে পায়ে তৈরি করে নিয়েছিল কৃত্রিম প্রতিরোধী ব্যবস্থা। সেভাবেই প্রতিযোগিতায় অংশ নেয় রিহা।

দৌড় শেষে সবার নজরে আসে, রিহার পায়ে নেই কোনও জুতা। তার বদলে ব্যান্ডেজ জড়িয়ে জুতোর মতো কিছু একটা তৈরি করেছে সে। সেখানে লেখা রয়েছে নাইকি ব্রান্ডের নামও। বিশ্ববিখ্যাত এই মার্কিন ব্রান্ডের জুতা পরার সৌভাগ্য তার না হলেও নিজের ব্যান্ডেজের জুতায় তার নাম লিখে দেয়।

সিএনএন ফিলিপাইন্সকে রিহার প্রশিক্ষক বলেন, ‘তার জুতা ছিল না। কিন্তু খালি পায়েই প্রচণ্ড পরিশ্রম করত সে। ও সোনা জেতায় আমি খুব খুশি।’

তার এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। অনেকে টুইট করে রিহার খোঁজ জানতে চান। সেইসঙ্গে তাকে জুতা কিনে দেয়ার আগ্রহ প্রকাশ করেন।

এ দিকে ডেইলি গার্ডিয়ান একটি ছবি প্রকাশ করে, যেখানে স্থানীয় একটি সু স্টোরে দেখা যায় রিহাকে। দুইজন নারী তাকে ব্রান্ডের জুতা কিনে দিচ্ছে।