১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ৩১ জন বিদেশি যোদ্ধা সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে মঙ্গলবার সেনা সদরে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বিদেশিদের মধ্যে ভারতীয় সশস্ত্র বাহিনীর ২৬ জন এবং স্বাধীনতা যুদ্ধ-পরবর্তী কর্ণফুলী চ্যানেলে মাইন অপসারণে সহায়তাকারী রাশিয়ার পাঁচজন নৌসদস্য রয়েছেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন।
সেনাবাহিনীপ্রধান বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ ও যুদ্ধ-পরবর্তী তাদের অবদান অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে সেনাপ্রধান তাদের শুভেচ্ছা উপহার দেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আরও জানিয়েছে, সেনাবাহিনীপ্রধানের সঙ্গে সাক্ষাতের আগে তারা ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
প্রতিনিধি দল দুটি নৌ ও বিমানবাহিনীপ্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, সফরকালে ভারতীয় প্রতিনিধি দলটি সেনাবাহিনীর ৯৮ কম্পোজিট ব্রিগেড, মুক্তিযুদ্ধের সময়কালে টাঙ্গাইলের প্যারাড্রপিং সাইট পরিদর্শনসহ মুক্তিযুদ্ধ জাদুঘর ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। সফর শেষে প্রতিনিধিদল দুটি আগামীকাল (১৯ ডিসেম্বর) নিজ নিজ দেশে ফিরে যাবে।