বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের সূচি নিয়ে এই পর্যায়ে নাখোশ ঢাকা প্লাটুনের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দুটি বিপিএল শিরোপা জেতা কোচের দাবি, তাদের জন্য সূচি কঠিন হয়ে গেছে। বিশেষ করে ঢাকা পর্বে টানা তিনদিনে তিন ম্যাচ খেলার অভিজ্ঞতা পীড়া দিয়েছে তাকে ও তার দলকে।
‘টুর্নামেন্টের সূচি আমাদের জন্য একটু কঠিন হয়ে গেছে। কারণ ব্যাক টু ব্যাক তিনটা ম্যাচ খেলা কঠিন।’ চট্টগ্রাম পর্ব শুরুর আগে গতকাল এমএ আজিজ স্টেডিয়ামে প্র্যাকটিসের এক ফাঁকে সালাউদ্দিন বলছিলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে পরপর তিনটা ম্যাচ খেলা যে কোনো দলের জন্যই চাপের হয়ে যায়।’ এবারের টুর্নামেন্ট শুরু হয়েছে ১১ ডিসেম্বর। ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর টানা তিন ম্যাচ খেলেছে মাশরাফী-তামিমদের ঢাকা। প্রথমটি হারার পরের দুটি জিতেছে হাই প্রোফাইল দলটি। চট্টগ্রাম পর্বে আজ তাদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এখানে বাকি দুই ম্যাচ ২৩ ও ২৪ ডিসেম্বর।
দলে অসুস্থতা হানা দিয়েছে। মুমিনুল হক দুদিন আগে জ্বর থেকে উঠেছেন। আজকের ম্যাচ জ্বরের কারণে খেলতে পারবেন না তামিম ইকবাল। প্রথম তিন ম্যাচেই খেলা তরুণ পেসার হাসান মাহমুদের শরীরও ভালো না। চিন্তায় পড়ে যাওয়া সালাউদ্দিন বললেন, ‘সূচিটা আরেকটু ভালো হলে ভালো হতো। এখন তো চিন্তা করে কোনো লাভ নেই। তামিমের আজকে জ্বর, হাসান মাহমুদেরও জ্বর আসছে আসছে ভাব। এখন জানি না কী হবে। যে কারণে খেলোয়াড়দের একটু বিশ্রাম দিলে ভালো হতো।’