রাজধানীর সড়কগুলোতে ইট, বালু, পাথর ও সিমেন্ট রেখে দূষণ ছড়ানোয় জড়িতদের বিরুদ্ধে আগামী ২০ ডিসেম্বর থেকে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘ভালোবাসা-বক্তব্যের দিন শেষ। যারা ব্যবসাবাণিজ্য ও নির্মাণকাজ পরিচালনা করবেন, তাদের অবশ্যই কমপ্লায়েন্স মেনে চলতে হবে।’ গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডzরা) আয়োজনে ‘অনিয়ন্ত্রিত দূষণে ঢাকা : নাগরিক ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।
আতিকুল আরও বলেন, ‘ইতিমধ্যে অভিযান পরিচালনা করার জন্য আমরা সরকারের কাছে আরও ম্যাজিস্ট্রেট চেয়েছি। যারা পরিবেশ দূষণ করে বিভিন্ন ধরনের ব্যবসা করছেন, তাদের বলতে চাই আপনারা এমন ব্যবসা বন্ধ করে দিন। এছাড়া কমপ্লায়েন্স না মেনে উন্নয়নকাজ করলে তাকেও জরিমানার আওতায় আনা হবে। যদি আমরা যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলেই কিন্তু শহরটা আমরা নিরাপদ করতে পারি।’
রাজউক, ওয়াসা, পিডিবি ও সিটি করপোরেশনের মতো প্রতিষ্ঠানগুলোর ঠিকাদাররাও কমপ্লায়েন্সের মাধ্যমে রাস্তা খোঁড়ার কাজ না করলে জরিমানার মুখে পড়বে। বৈঠকে স্থপতি ইকবাল হাবিব বলেন, ‘পরিবেশ দূষণের উৎসগুলো আপনি বের করুন। দূষণরোধে এই নেই, সেই নেই বলে লাভ নেই। যা আছে তা দিয়েই করুন। যারা দায়িত্বে অবহেলা করেন, ঠিকমতো দায়িত্ব পালন করতে পারেন না, তারা দায়িত্ব ছেড়ে দিন। আর যারা পারে, তাদের কাছে দায়িত্ব দিন।’ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক লেলিন চৌধুরী বলেন, ‘মেয়রকে নিজের ক্ষমতা ব্যবহার করে এই দূষণের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। উন্নয়ন করতে গিয়ে আমরা মরণফাঁদ তৈরি করেছি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খান। ডzরা সভাপতি মশিউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল। এতে অন্যদের মধ্যে নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আকতার মাহমুদ এবং পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান উপস্থিত ছিলেন।