জনস্বার্থ সরকারের অগ্রাধিকার তালিকায় নেই : সুলতানা কামাল

সরকারের অগ্রাধিকার তালিকায় জনস্বার্থ নেই বলে অভিযোগ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল। তিনি বলেছেন– সমতা, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদা এগুলো এখন আর সরকারের কাছে বিবেচিত হয় না। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘দলিত ও সমতলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি ২০১৯’- এর প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান আয়োজন করে ন্যাশনাল অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম। সহযোগিতায় ছিল সেন্টার ফল সোশ্যাল অ্যাক্টিভিজম ও হেকস ইপার। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর দলিত ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের মানবাধিকার পরিস্থিতি আগের চেয়ে খারাপ হয়েছে। সবচেয়ে বেশি পরিমাণ হয়েছে জমি দখল। আবার জমির কারণে তারা সহিংসতারও শিকার হয়েছেন। সুলতানা কামাল বলেন, সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের জন্য পৃথক ভূমি কমিশনের দাবি দীর্ঘদিন ধরে করা হচ্ছে।