নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার পর বাংলাদেশেও ভয়াবহ হামলার পরিকল্পনা করেছিল জঙ্গিরা। তবে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সেই পরিকল্পনা বানচাল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট-সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম।
গতকাল মঙ্গলবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মনিরুল ইসলাম বলেন, হলি আর্টিজান বেকারিতে হামলার পর দেশে একটি কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়। বিদেশিরা নিহত হওয়ায় আমাদের অনেক উন্নয়নকাজ থমকে ছিল। তবে আমরা সেই পরিস্থিতি উত্তরণ করেছি। ইন্টেলিজেন্স তথ্যের ভিত্তিতে একের পর এক অপারেশন করেছি।
গতকাল ক্র্যাবের নবনির্মিত কার্যালয় ও নতুন ওয়েবসাইট উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটিটিসির নবনিযুক্ত যুগ্ম কমিশনার ইলিয়াশ শরীফ, ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সহসভাপতি মিজান মালিক, সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি ইশারফ হোসেন ইশাসহ কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সাধারণ সদস্যরা।