বাংলাদেশের পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্ট দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন। ক্রিকেট বোর্ডের একটি সূত্র খবরটি গতকাল নিশ্চিত করেছে। ল্যাঙ্গাভেল্ট নিজের দেশ দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ হচ্ছেন বলে জানা গেছে।
বিসিবি সূত্র জানিয়েছে, মেইলের মাধ্যমে বিসিবির কাছে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। গত আগস্টের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশের নতুন কোচিং স্টাফ দলের একজন হিসেবে কাজ শুরু করেন ল্যাঙ্গাভেল্ট। তার সঙ্গে বাংলাদেশের চুক্তি ছিল ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত ক্রিকেট ডিরেক্টরের পদ নিয়েছেন সেদেশের সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। তিনি কয়েক দিন আগে একেবারে নতুন কোচিং স্টাফ দলকে বেছে নিয়েছেন। প্রধান কোচ হয়েছেন মার্ক বাউচার। শুধু পেস বোলিং কোচের পদটা খালি ছিল। সেটিতে স্মিথরা টেনে নিলেন ল্যাঙ্গাভেল্টকে।