সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরে স্থগিতাদেশ দেয়নি ভারতের সুপ্রিম কোর্ট।
স্থগিতাদেশ না দিলেও ৬০টি আবেদনের প্রেক্ষিতে চলা শুনানিতে দেশটির প্রধান বিচারপতির তিন সদস্যের বেঞ্চ বিতর্কিত আইনটির বিরুদ্ধে পিটিশন নিয়ে আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিজেপি সরকারকে জবাব দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে।
বুধবার বিচারপতি এস এ বোবদের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে এই আবেদনের শুনানি হয়। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন বিআর গাভাই এবং সূর্য কান্ত।
শুনানি শেষে আদালত জানিয়ে দেয়, আপাতত সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করা নিয়ে কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না। তবে আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কেন্দ্রকে এই বিষয়ে জবাব দিতে হবে। তারপর ২ জানুয়ারি পরবর্তী শুনানি হবে। সেদিন ৬০ টি পিটিশনের একযোগে শুনানি হবে বলেও জানিয়েছে আদালত।
ভারতের নতুন নাগরিকত্ব আইনে বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে শরণার্থী হিসেবে হিন্দু, পারসি, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মাবলম্বীরা আশ্রয় নিতে বাধ্য হলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। সেখানে প্রতিবেশী দেশ থেকে যাওয়া মুসলিমদের বিষয়ে কোনো উল্লেখ নেই।