প্রতিবাদী শিক্ষার্থীদের সমর্থন করায় ‘সাবধান ইন্ডিয়া’ ছাড়তে হলো

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদী জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর রবিবার আক্রমণ করে দিল্লি পুলিশ। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় অনেক তারকা।

এ কারণে চাকরি হারালেন টিভি শো ‘সাবধান ইন্ডিয়া’-খ্যাত অভিনেতা সুশান্ত সিং। তিনি শিক্ষার্থীদের সঙ্গে মিছিলে হাঁটার পাশাপাশি ঘটনার নিন্দা করে বক্তব্যও রাখেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিই অনেকে শেয়ার করেন।

এর পরপরই ‘দ্য লিজেন্ড অফ ভগত সিং’-এ সুখদেবের চরিত্রে অভিনয় করা সুশান্তকে ‘সাবধান ইন্ডিয়া’ থেকে সরিয়ে দিল চ্যানেল কর্তৃপক্ষ। বহিষ্কারের খবর নিজেই টুইট করে জানিয়েছেন অভিনেতা। একে প্রতিবাদের জন্যই ‘ছোট্ট দাম’ বলে উল্লেখ করেন।

তিনি জানান, টিভি চ্যানেলের কাছে নিজের মেধা বিক্রি করেছেন, বিবেক নয়। ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্বের জায়গা থেকে প্রতিবাদ করেছেন। চাকরি বা অন্য কিছু তাকে থামাতে পারবে না।

সুশান্ত আরও জানান, জামিয়ার ঘটনার প্রতিবাদ না করে সন্তানের প্রশ্নের মুখে পড়তে চান না ভবিষ্যতে। তারা বড় হয়ে জানতে চাইবে- তার বাবা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে কিনা।

এরপরই সুশান্তের সমর্থনে ঝড় উঠেছে টুইটারে। অভিনেতার সমর্থনে একের পর এক পোস্ট করেন নেটিজেনরা।

শোনা যাচ্ছে, সামনে সুশান্তের পরিবর্তে অভিনেতা আশুতোষ রানাকে দেখা যাবে ‘সাবধান ইন্ডিয়া’য়।

এ দিকে বিতর্ক এড়াতে নীরব রয়েছেন শাহরুখ, সালমান, আমির, রণবীর বা হৃতিকের মতো হেভিওয়েট তারকারা। তবে অন্যদের নীরব থাকা নিয়ে মন্তব্য করতে রাজি নন সুশান্ত।