দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের নৃশংস হামলার প্রতিবাদে রাস্তায় নামে শিক্ষার্থীরা।
বিক্ষোভ শেষে দেখা যায় অভূতপূর্ব একটি দৃশ্য। সোমবার রাতে নোংরা হওয়া রাস্তা পরিষ্কার করছে মিলিয়ার শিক্ষার্থীরাই।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, মিলিয়ার শিক্ষার্থীদের এই কাজ সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়। বিক্ষোভের পর রাস্তা পরিষ্কার করে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন তারা।
সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক সিরাজ শেখ বাবু বলেন, ‘এলাকা শান্ত হলে পরিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিক্ষোভ শেষ হতে রাত ১০টা বেজে যায়। তারপর আমরা সিদ্ধান্ত নিই, আমাদের জন্যই যখন রাস্তা নোংরা হয়েছে, আমরাই তা পরিষ্কার করব।’
মিলিয়ার এই ছাত্র আরও বলেন, ‘ স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্র-ছাত্রীসহ প্রায় দশ বারো জন মিলে আমরা রাস্তা পরিষ্কার করি।’
প্রসঙ্গত, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রবিবার বিকেলে বিক্ষোভে নামে মিলিয়া শিক্ষার্থীরা। সেখানে বাস পোড়ানোর ঘটনায় তাদের অভিযুক্ত করে ক্যাম্পাসের ভেতর ঢুকে নৃশংস হামলা চালায় দিল্লি পুলিশ। যদিও শিক্ষার্থীদের দাবি, তাদের বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। সেখানে বিক্ষোভে বাইরের অনেকেই যোগ দিয়েছিল।
রাতে নয়াদিল্লির বিশ্ববিদ্যালয়টিতে ঢুকে শিক্ষার্থীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপসহ ব্যাপক ভাঙচুর চালায় পুলিশ। মসজিদে ও লাইব্রেরিতে ঢুকে নির্বিচারে পেটানো হয় শিক্ষার্থীদের। টয়লেটে আশ্রয় নেয়া ছাত্রীদের ওপরও লাঠিপেটা ও নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
এই ঘটনার জেরে সেদিন মধ্যরাত থেকে পরদিন পুরো ভারতের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ করে।