বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটা অপবাদ আছে। সেটি লো-স্কোরিং ম্যাচের। এবারের বিপিএলটা অবশ্য শুরু থেকেই অন্য রকম। রান হচ্ছে প্রায় প্রতি ম্যাচেই। বুধবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তো এবারের আসরে প্রথম দল হিসেবে দুই শ পেরোল। ঢাকা প্লাটুনের বিপক্ষে গড়ল ৪ উইকেটে ২২১ রানের বিশাল পুঁজি। বিপিএলের ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং পেয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের চট্টগ্রাম। প্লাটুন বোলারদের রীতিমতো হতাশ করে ছেড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, লেন্ডন সিমন্সরা।
মাহমুদউল্লাহ খেলেছেন সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস। ২৮ বলে ৫ চার ও ৪ ছক্কায় নিজের ইনিংস সাজান এই ডানহাতি।হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েও খুঁড়িয়ে খুঁড়িয়ে খেলে গেছেন মাহমুদউল্লাহ। সিমন্স খেলেছেন ৩৬ বলে ৫৭ রানের ইনিংস। ৫ চারের সঙ্গে তিনি হাঁকিয়েছেন ৪ ছক্কা।
চট্টগ্রামের আগ্রাসী ব্যাটিংয়ে ঢাকার বোলারদের কেউই নিজেদের ইকোনমিটা ভদ্রস্থ রাখতে পারেননি। শুরুতে সিমন্স ও পরে মাহমুদউল্লাহকে অন্যপ্রান্তে সহায়তা দিয়ে গেছেন সতীর্থরা। ওপেনার আভিষ্কা ফার্নান্দো যেমন খেলেছেন ১৩ বলে ২৬ রানের ইনিংস। উদ্বোধনী জুটিতে সিমন্সের সঙ্গে ৪.৪ বলে ৫১ রান যোগ করেন তিনি।
তিনে নেমে ইমরুল কায়েস খেলেছেন ৪০ রানের ইনিংস। তার ২৪ বলের ইনিংসে ছিল ৫ চার ও ১ ছক্কা। শেষ দিকে চ্যাডউইক ওয়ালটন ১৮ বলে অপরাজিত ২৭ রান করেন। নুরুল হাসান সোহান অপরাজিত ছিলেন ৭ রানে।
ঢাকার পক্ষে সর্বাধিক ২ উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। তবে ৪ ওভারে তাকে খরচা করতে হয়েছে ৫৫ রান।