মুক্তিযুদ্ধ মঞ্চের সন্ত্রাসী কর্মকাণ্ড ‘মুক্তিযুদ্ধের চেতনাকে’ কলুষিত করছে উল্লেখ করে ডাকসুর ভিপি নুরুল হকের ওপর হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সাখাওয়াত ফাহাদ ও সাধারণ সম্পাদক রাগীব নাঈম এক যৌথ বিবৃতিতে হামলার নিন্দা জানান।
বিবৃতিতে তারা বলেন, মুক্তিযুদ্ধ ব্যবসায়ীদের মধ্যে বিপজ্জনক ও ধূর্ত একটি সংগঠন হল মুক্তিযোদ্ধা মঞ্চ। পার্শ্ববর্তী দেশ ভারতের বৈষম্যমূলক ‘সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল’ পাশ হওয়ার প্রতিবাদে যখন ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ শান্তিপূর্ণ আন্দোলন করতে যায় তখন তাদের ‘মুক্তিযুদ্ধের চেতনা’ এতই আক্রান্ত হয় যে তারা শারীরিক আক্রমণ না করে নিজেদের নিরস্ত করতে পারে না। ওই সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীদের হামলা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। ন্যায়সংগত আন্দোলনে মুক্তিযুদ্ধ মঞ্চের একের পর এক হামলা গণমানুষের মধ্যে মুক্তিযুদ্ধ সম্পর্কে নেতিবাচক ও ভুল অভিব্যক্তি তৈরি করছে।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও গণতান্ত্রিক চর্চা বজায় রাখতে যেকোনো ধরনের সন্ত্রাস, দুর্নীতি ও মৌলবাদী কর্মকাণ্ড প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।