মালয়েশিয়ায় সম্মেলনে মুসলিম নেতারা

বিশ্বব্যাপী মুসলিম ইস্যু নিয়ে আলোচনার জন্য একটি সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জড়ো হয়েছেন ২০টি মুসলিম দেশের নেতা ও প্রতিনিধিরা। গতকাল বুধবার রাতে অতিথিদের স্বাগত জানিয়ে আয়োজিত এক নৈশভোজের মাধ্যমে চার দিনব্যাপী এ সম্মেলন শুরু হয় বলে জানিয়েছে এএফপি।

কুয়ালালামপুর সম্মেলনের জন্য কোনো এজেন্ডা ঘোষণা করা না হলেও এখানে মধ্যপ্রাচ্য ও কাশ্মীরের পুরনো বিরোধগুলো, সিরিয়া ও ইয়েমেনের যুদ্ধ, মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের অবস্থা ও শিংজিয়াংয়ের উইঘুর মুসলিমদের নিয়ে চীনের শিবির পরিচালনা করার মতো বিষয়গুলোর পাশাপাশি বিশ্বব্যাপী ইসলামভীতি ছড়িয়ে পড়া রোধকল্পে কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়েও আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরব এ সম্মেলনে যোগ না দিয়ে সম্মেলন আয়োজনের নিন্দা করেছে। পাকিস্তানও সম্মেলনে যোগ দেবে না বলে জানিয়েছে।