ঘাতক দালাল নির্মূল কমিটির সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার বেতনভুক্ত ৩০ হাজার রাজাকারের নামের তালিকা উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি শাহরিয়ার কবির।
তিনি বলেছেন, ‘রাজাকারদের তালিকা প্রণয়নে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের গবেষকদের সংযুক্ত না করায় এ সমস্যা দেখা দিয়েছে। বেতনভুক্ত ৩০ হাজার রাজাকারের নামের তালিকা অবসরপ্রাপ্ত মেজর শামসুল আরেফিনের কাছে সংরক্ষিত রয়েছে, যা বৃহস্পতিবার উপস্থাপন করা হবে।’
বুধবার লালমনিরহাটে স্বেচ্ছাসেবী সংগঠন ওভা’র মতিয়ার স্মৃতি মিলনায়তনে দুপুরে এক আলোচনা সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি লালমনিরহাট জেলা শাখা এই সভার আয়োজন করে।
তিনি বলেন, ‘ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভূক্ত হওয়ায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে। আগামী বছরের ফেব্রম্নয়ারি মাসের মধ্যে দেশের বিভিন্ন স্থানে রাজাকারদের নাম সংবলিত স্থাপনা সরিয়ে ফেলা হবে।’
জেলা শাখার সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বিচারপতি শামসুদ্দিন মানিক (উপদেষ্টা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি)। প্রধান আলোচক ছিলেন শাহরিয়ার কবির। অন্যদের মধ্যে বক্তৃতা করেন লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়জুল ইসলাম প্রমুখ।