ভারতের পার্লামেন্টে সম্প্রতি পাশকৃত নাগরিকত্ব বিল দক্ষিণ এশিয়ার জন্য মহা বিপদ বলে উল্লেখ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, দেশটির অভ্যন্তরীণ ব্যাপারে আমাদের নাক গলানোর অধিকার না থাকলেও বর্তমান মোদি সরকারের চরম হিন্দুত্ববাদী ভারত বানানোর যে পাঁয়তারা শুরু করেছে তা সমগ্র দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করে তুলবে।
বৃহস্পতিবার রাজধানী জাতীয় প্রেসক্লাবে ভারতের নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে দেশটির আন্দোলনরত জনগণের সঙ্গে সংহতি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেলিম বলেন, জাতিসংঘ মোদি সরকারের এ পদক্ষেপকে আন্তর্জাতিক মানবাধিকার সনদের পরিপন্থী বলে ঘোষণা দিলেও আমাদের দেশের সরকার এ ব্যাপারে মুখ খুলছে না। অসাম্প্রদায়িক ভারত আমাদের বন্ধু বটে কিন্তু মোদির সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী ভারত সরকার আমাদের বন্ধু হতে পারে না।
তিনি বলেন, ব্রিটিশ সরকারও টিকে থাকার জন্য ধর্মীয় বিভাজনের রাজনীতির জন্ম দিয়েছিল। বর্তমানে বিজেপি সরকার ভারতের জনগণের উপনিবেশ বিরোধী সংগ্রামের ইতিহাসের সকল সাফল্য ও অর্জনকে পেছন থেকে ছুরিকাঘাত করে পুরো ইতিহাসকে কলঙ্কিত করছে।
সভায় আরও বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, অ্যাড. হাসান তারিক চৌধুরী ও ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল প্রমুখ।