ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়নের পানি নিষ্কাশনের পথ বন্ধ করায় ১০ গ্রামের মানুষ মানববন্ধন করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর লক্ষ্মীপুর বাজারে দিনাজপুর-ঢাকা মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।
গ্রামবাসীরা বলেন, উপজেলার আঁখিরার বিলে কতিপয় লোক সরকারের কাছে ইজারা নিয়ে পুকুর খনন করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়। পানি সঠিকভাবে নিষ্কাশন না হওয়ায় তলিয়ে যাচ্ছে প্রায় দুই হাজার বিঘা জমির ফসল। কয়েক দফা প্রশাসনের সঙ্গে গ্রামবাসীর আলোচনা হয়েছে। কিন্তু চার বছর পেরিয়ে গেলেও কর্র্তৃপক্ষ কোনো সিদ্ধান্তে আসতে পারেনি।
খয়েরবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন বলেন, ‘আঁখিরার বিলের পানি নিষ্কাশন না হওয়ায় ১০ গ্রামের মানুষ এখন ঠিকমতো কৃষি কাজ করতে পারছেন না। তাদের পিঠ দেয়ালে ঠেকেছে। তাই তারা আন্দোলনে নেমেছেন।’