ভারতের জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি সমর্থিত সংগঠন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ফ্রন্টের পক্ষ থেকে বলা হয়, এ আইনের ফলে অত্র অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টও হতে পারে। ভারতের জনগণ ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকপঞ্জির বিরুদ্ধে যখন সোচ্চার তখন আমরা উদ্বিগ্ন না হয়ে পারি না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী বলেন, এ বিলের কারণে বাংলাদেশে সামান্য কোনো ঘটনা ঘটলেই দেশে বসবাসরত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের দেশত্যাগের প্রবণতা বাড়বে। এতে করে একসময় এ দেশে হিন্দু সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে।
তিনি বলেন, ভারতের নাগরিকত্ব সংশোধন আইনটি ধর্মীয় বিভাজনের ভিত্তিতে করার ফলে উভয় দেশের সংখ্যালঘু আতঙ্কিত এবং সংখ্যাগুরুদের মধ্যে দুঃখবোধের জন্ম হওয়াটা অস্বাভাবিক নয়।