ঝালকাঠিতে ধান কাটা নিয়ে বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
শুক্রবার সকাল ৭টার দিকে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম (২২) দেউরী গ্রামের জালাল খানের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ক্ষেতের ধান কাটতে বাধা দিলে প্রতিপক্ষ ফারুক হাওলাদারে নেতৃত্বে ৪-৫ জনের একটি দল জাহিদুল ইসলাম, তার বাবা জালাল খান, ভাই রমজান খান ও চাচা শাহজাহান খানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।
এতে অন্তত পাঁচজন গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে আনার পথে জাহিদুল ইসলামের মৃত্যু হয়।
নিহত জাহিদুলের বাবা জালাল খান ও ভাই রমজান খানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে এবং চাচা শাহজাহান খানের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।