দারুণ বোলিংয়ে রংপুরকে অল্পতেই থামাল খুলনা

অসাধারণ বোলিং করেছেন শফিউল ইসলাম। কম যাননি তার দুই সতীর্থ মোহাম্মদ আমির ও শহিদুল ইসলাম। এই তিন বোলারের সামনে খুব একটা সুবিধা করতে পারল না রংপুর র‍্যাঞ্জার্স। প্রতিপক্ষটিকে অল্প রানে থামিয়ে চলতি বিপিএলে জয়ের ছন্দ ধরে রাখার পথ সহজ করে রাখল খুলনা টাইগার্স।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার দিনের প্রথম ম্যাচে নির্ধারিক কুড়ি ওভারে ৯ উইকেটে ১৩৭ রানে থামে রংপুরের ইনিংস। এক রানের জন্য অর্ধশতক মিস করেছেন দলটির ওপেনার নাঈম শেখ। রান আউট হয়ে ফেরেন ৩২ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৪৯ রান করা এই ব্যাটসম্যান।

রংপুরকে দাপটের সঙ্গে টেনে নিচ্ছিলেন ফজলে মাহমুদ। কিন্তু বিপদের কারণ হয়ে ওঠার আগেই পাঁচ নম্বরে নামা এই ব্যাটসম্যানকে ফেরান শফিউল। এর আগে ৩৩ বলে দুই চার ও দুই ছক্কায় ৪২ রানের ইনিংস খেলেন মাহমুদ। অন্যদের মধ্যে ২২ রান করেছেন লুইস গ্রেগরি।

খুলনার বোলারদের মধ্যে ২১ রানে ৩ উইকেট নেন শফিউল। দুটি করে উইকেট নেন আমির ও শহিদুল ইসলাম।

এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে খুলনা। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে তারা। রংপুরকে হারিয়ে পয়েন্ট টেবিলে অবস্থান আরও দৃঢ় করার লক্ষ্য দলটির।

অন্যদিকে রংপুরের অবস্থা মোটেও ভালো নয়। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে সবকটিতে হেরে তাদের অবস্থান সাত দলের মধ্যে তলানিতে। টুর্নামেন্টে প্রথম জয়ের জন্য মুখিয়ে আছে মোহাম্মদ নবির দল।