র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জামালপুরে দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
শুক্রবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের তমালতলা মোড় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ।
জেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে সভায় স্বগত বক্তব্য রাখেন দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার শোয়েব হোসেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর লালন একাডেমির সভাপতি সাংবাদিক ইউসুফ আলী, পৌরসভার প্যানেল মেয়র রাজীব সাহা, এস এ টিভি’র প্রতিনিধি ফজলে এলাহী মাকাম, সাংবাদিক মুকুল রানা, কামাল হোসেন, সুলতান আলম প্রমুখ।
সভা সঞ্চালনা করেন জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শুভ্র মেহেদী।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক দেশ রূপান্তর পত্রিকাটি অল্প সময়ের মধ্যে দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থার জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছে। রূপপুর পারমাণবিক কেন্দ্রের দুর্নীতির সংবাদ প্রকাশ করে দেশ রূপান্তর সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল। সভায় বক্তারা দেশ রূপান্তরের সাফল্য কামনা করেন।