ব্যবসায়ীদের অনুষ্ঠানে বক্তৃতা চলাকালীন হাততালির পরিমাণ কম হওয়ায় খানিকটা বিরক্ত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তব্য থামিয়ে তিনি বলেন, হাততালি কম কেন? আপনারা মনে হয় আমার কথা ঠিক করে শুনছেন না।
শুক্রবার ভারতের অন্যতম বড় ব্যবসায়ী-সভা অ্যাসোচেমের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখছিলেন মোদি। দিল্লির বিজ্ঞান ভবনে মোদির সেই বক্তৃতার দিকে নজর ছিল গোটা ভারতের শিল্প মহলের। অর্থনীতিকে বেহাল দশা থেকে সঠিক দশায় ফেরাতে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে ছিলেন ব্যবসায়ীরা।
মোদির দাবি, পাঁচ-ছয় বছর আগে দেশের অর্থনীতি রীতিমতো বিপর্যয়ের মুখে পড়েছিল। সেই পরিস্থিতি কাটিয়ে বর্তমানে অর্থনীতিকে স্থিতিশীল করেছেন।
কিন্তু মোদির এসব কথাতে হয়তো মন গলেনি উপস্থিত ব্যবসায়ীদের। সেভাবে হাততালিও পড়ছিল না। তাই বক্তৃতা থামিয়ে অসন্তোষ প্রকাশ করতে হয় তাকে।
তিনি বললেন, ‘কী ব্যাপার, হাততালির শব্দ এত কম কেন? আমি তো আর একটু হাততালি আশা করছিলাম। আপনারা মনে হয়, অতীতের পরিসংখ্যান এখনও মনে রেখে দিয়েছেন। আর নাহয় ঠিক মন দিয়ে শুনছেন না আমার কথা। শুনলে আরও বেশি হাততালি পড়ত।’
মোদির এই অসন্তোষ প্রকাশের পর অবশ্য আর হাততালির অভাব পড়েনি। সঙ্গে সঙ্গে বিজ্ঞান ভবন গর্জে ওঠে করতালির আওয়াজে।