প্রতিবাদে অংশ নিয়ে মামলায় তামিল নায়ক

নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ’র বিরুদ্ধে আন্দোলন করায় ভারতের চেন্নাইয়ে প্রায় ৬০০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তাদের মধ্যে রয়েছেন তামিল অভিনেতা সিদ্ধার্থ, গায়ক টিএম কৃষ্ণসহ অনেকে।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ক্রান্তি ময়দানে অনেক বলিউড সেলিব্রিটি আন্দোলনে শামিল হন। একই দিন আন্দোলন হয় চেন্নাইয়ে। সেই আন্দোলনে শামিল হয়েছিলেন সিদ্ধার্থ ও টিএম কৃষ্ণ। তারপরই দায়ের হলো এফআইআর।

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রথম দিন থেকেই সরব সিদ্ধার্থ। তার ওপর জামিয়া মিলিয়া ইসলামিয়ার শিক্ষার্থীদের ওপর লাঠি চার্জের ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘শকুনি ও দুর্যোধন’ বলেও কটাক্ষ করেন।

টুইটারে সিদ্ধার্থ লেখেন, গেরুয়া শিবিরে কে কৃষ্ণ আর কে অর্জুন- তা তিনি জানেন না। শুধু প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহই জানেন কৃষ্ণ কে, আর অর্জুনই বা কে। কিন্তু যে যাই হোন, তারা কৃষ্ণ বা অর্জুন নন, ‘শকুনি ও দুর্যোধন’। এ নিয়ে সিদ্ধার্থকে নেটিজেনদের সমালোচনার মুখোমুখি হতে হয়।

এরপরও দমানো যায়নি সিদ্ধার্থকে। বৃহস্পতিবার চেন্নাইয়ে প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন তিনি। প্রতিবাদের নামে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছে অভিনেতা ও অন্যদের বিরুদ্ধে। তবে এফআইআর নিয়ে কোনো কথা না বললেও সিএএ’র বিরুদ্ধে গর্জে ওঠার আবেদন জানিয়েছেন সিদ্ধার্থ।