ইন্ডাস্ট্রিতে অনেক বছর কাটিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। বলিউডের পাশাপাশি হলিউডের অভিনয় করেছেন। তার মেয়ে আরাধ্যার বয়স সবে আট। এই বয়সে সে কোনো অংশে কম যায় না। অভিনয় করে খোদ সাবেক বিশ্বসুন্দরীকে চমকে দিলো।
আনন্দবাজার পত্রিকা জানায়, স্কুলের বার্ষিক উৎসব ছিল। লাল সবুজের মিশেলে শাড়ি পরে ছোট্ট আরাধ্যা মঞ্চে উঠে। দর্শকাসনে উপস্থিত ছিলেন মা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে এই সেলিবিটি কিডসের অভিনয় ধরা পড়েছে। যেখানে তার চোখে-মুখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা।
পরিষ্কার উচ্চারণে আরাধ্যা বলতে শুরু করল, “আমি কন্যা। আমি স্বপ্ন। নতুন যুগের স্বপ্ন। এই নতুন পৃথিবীতে আমরা নিশ্চয়ই জেগে উঠব। এমন একটা পৃথিবী যেখানে আমরা মেয়েরা নিরাপদ থাকব। যেখানে সবাই আমাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে। যেখানে আমার কন্ঠ রুদ্ধ করে দেওয়া হবে না। যেখানে আমার শিক্ষার কদর করা হবে... যেখানে মনুষ্যত্বই শেষ কথা বলবে।”
কিছু দিন আগেই ধর্ষণের পর হত্যা নিয়ে ভারতজুড়ে তোলপাড় শুরু হয়। ঠিক এমন সময়েই ছোট্ট আরাধ্যার মুখে বলিষ্ঠ বার্তা শুনে আপ্লুত অনেকে।
সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের ভিডিও ছড়িয়ে পড়তেই কেউ কেউ লেখেন, ‘মায়ের যোগ্য সন্তান।’ আবার কেউ বা লিখেছেন, ‘কে বলবে আরাধ্যার বয়স মাত্র আট।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরাধ্যার দাদা অমিতাভ বচ্চন ও বাবা অভিষেক বচ্চন।