ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার সকালে মহেশপুর উপজেলার ভৈরবা মোড় থেকে তাদের আটক করা হয়। আটকদের দুজন পুরুষ ও দুজন নারী।
খাশিপুর ৫৮ বিজিবির অতিরিক্তি পরিচালক (উপ-অধিনায়ক) কামরুল হাসান জানান, শনিবার সকালে মহেশপুর উপজেলার ভৈরবা মোড় হতে চারজনকে আটক করা হয়। তারা বিভিন্ন সময়ে ভারতে যান।
তিনি জানান, আটক চারজনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। তারা সবাই ভারতের ব্যাঙ্গালুরুতে থাকতেন। তারা নিজেদের বাংলাদেশের বরিশাল জেলার বাসিন্দা বলে জানিয়েছেন।
মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর নভেম্বর থেকে এ পর্যন্ত ৫৮ ৪২৯ জনকে আটক করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম দেশ রূপান্তরকে জানান, আটক চারজনের নামে মহেশপুর থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।