স্কুলছাত্রী ধর্ষণের পর পুকুরে নিক্ষেপের ঘটনায় ২ যুবক গ্রেপ্তার

দিনাজপুরে স্কুলছাত্রীকে দল বেঁধে ধর্ষণের পর মৃত ভেবে পুকুরে নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত শুক্রবার সদর উপজেলার সুন্দরা গ্রামে অভিযান চালিয়ে মোকছেদুল ইসলাম টুকলু (৩১) ও মো. মাসুদ রানা (২৪) নামে ওই যুবকদের গ্রেপ্তার করে র‌্যাব-১৩ এর সদস্যরা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। ঘটনায় জড়িত আরও এক আসামি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে ধর্ষণের ঘটনায় গত ১৮ ডিসেম্বর মো. মোকছেদুল ইসলাম টুকলুসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর মা।

কোতোয়ালি থানার ওসি বজলুর রশিদ দেশ রূপান্তরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বলেন, ‌‘স্কুলছাত্রী ধর্ষণের বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছি। কোনো অপরাধীকেই ছাড় দেব না। আর যাতে কোনো মেয়ে ধর্ষণের শিকার না হয়, সেজন্য কঠোর শাস্তির ব্যবস্থাও করব।’

গত ১৬ ডিসেম্বর দিনাজপুরের সদর উপজেলার সুন্দরা আদর্শ স্কুলে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরছিল ওই স্কুলছাত্রী। ওইসময় স্থানীয় মঙ্গলার বাজার এলাকায় পৌঁছামাত্র তিন যুবক তার হাত-পা বেঁধে তাকে জোর করে তুলে নিয়ে যায়। পরে তাকে দল বেঁধে ধর্ষণ করে অভিযুক্তরা। একপর্যায়ে ওই ছাত্রীটি অজ্ঞান হয়ে পড়লে মৃত ভেবে তাকে পুকুরে নিক্ষেপ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা।