সিলেটে হাজারো শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী

হাজারো শিক্ষার্থীর হাতে জাতির জনকের ‘অসমাপ্ত আত্মজীবনী’ তুলে দেয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘জেলা পরিষদ, সিলেট, বইপড়া উৎসব’।

শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইনোভেটর আয়োজিত এই উৎসবের উদ্বোধন হয়।

বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিল্পী, লেখকদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালি জাতির সবচেয়ে বড় গ্রন্থের নাম শেখ মুজিব। মুজিব পাঠ ভিন্ন বাঙালি জীবন কখনোই সম্পূর্ণ হয় না। কেননা, শেখ মুজিব আর বাংলাদেশ একই বৃন্তে গাঁথা। সাহসের জন্য, দ্রোহ, বিপ্লব আর সংগ্রামের প্রেরণার জন্য, মুক্তিযুদ্ধের গৌরব আর শৌর্যকে অন্তরে প্রতিষ্ঠার জন্য শেখ মুজিবকে অধ্যয়ন জরুরি।

তরুণ প্রজন্মের উদ্দেশে বক্তারা বলেন, একজন আদর্শ বাঙালি হওয়ার স্বপ্ন দেখতে হলে সবার আগে শেখ মুজিবের জীবন, কর্ম ও আদর্শের পাঠ নিতে হয়। সে লক্ষ্যে ইনোভেটর এর এই উদ্যোগ একটি মাইলফলক।

অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. তাহমিদুল হক, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, জেলা পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন, মুক্তিযোদ্ধা নীলকান্ত সিংহ ও শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ।

ইনোভেটর এর মুখ্য সঞ্চালক, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনোভেটর এর নির্বাহী সঞ্চালক, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব।

ইনোভেটর এর সদস্য ঈশিতা ঘোষ চৌধুরী ও সুপ্রিয় তালুকদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বইপড়া উৎসবে অংশগ্রহণের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এমসি কলেজের শিক্ষার্থী কাকনপ্রিয়া গোস্বামী ও সোবহানিঘাট মাদ্রাসার শিক্ষার্থী আবদুল মোমিন। 

আলোচনাসভা শেষে বইপড়া উৎসবে অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অতিথিরা। মুজিববর্ষকে সামনে রেখে বইপড়া উৎসবের এবারের আসরটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে।