বিশ্ব ভালোবাসা দিবসে ফারিয়া শাহরিন হাজির হচ্ছেন কাশ্মীরি নারী হিসেবে! কাজী সাইফের পরিচালনায় ‘কাশ্মীরি প্রেমিকা’ নামে একটি নাটকে দেখা যাবে ফারিয়াকে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। নাটকটির গল্প লিখেছেন মাহতাব হোসেন।
নির্মাতা জানান, ৩ ও ৪ জানুয়ারি এর শুটিং হবে ঢাকার বিভিন্ন স্থানে। একটি বেসরকারি টেলিভিশনে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নাটকটি প্রচারিত হবে।
নাটকটির গল্প প্রসঙ্গে কাজী সাঈফ বলেন, ‘গল্পটা অবশ্যই প্রেমের। তবে প্রেমটা ব্যতিক্রমী। গল্পের মধ্যে অবশ্যই কাশ্মীর বিষয়টা আছে। যদিও শুটিংটা আমরা ঢাকাতেই করছি। এখনই এর বেশি কিছু বলা যাবে না। ফারিয়া শাহরিনকে আমরা সঙ্গে পেয়েছি, এটা একটা স্বস্তির বিষয়। কারণ, চরিত্রটি তাকে ভেবেই তৈরি করা।’
মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে মিডিয়া মার্কেটিংয়ে স্নাতক শেষ করেছেন ফারিয়া শাহরিন। দীর্ঘদিন পর দেশে ফিরে কাজ শুরু করেছেন তিনি।