ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় ইসরায়েলের যুদ্ধাপরাধের অভিযোগগুলো নিয়ে তদন্ত শুরু করতে চান আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি ফাতৌ বেনসৌদা। দখলকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজায় ‘যুদ্ধাপরাধ হয়েছিল অথবা হয়ে আসছে’ মন্তব্য করে এ নিয়ে তদন্তে আন্তর্জাতিক আদালতের নির্দেশনাও চাওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি কর্র্তৃপক্ষের করা যুদ্ধাপরাধ একটি অভিযোগ আইসিসি ২০১৫ সাল থেকে খতিয়ে দেখছিল বলে বিবিসি জানিয়েছে। তারই ধারাবাহিকতায় বেনসৌদার এ পদক্ষেপ বলে অনুমান করা হচ্ছে। যদিও পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তে আইসিসির এ পদক্ষেপকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে তেল আবিব।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, সদস্য না হওয়ায় ইসরায়েলবিষয়ক তদন্তের এখতিয়ার আইসিসির নেই। এরপরও এমন কোনো সিদ্ধান্ত হলে তা হেগভিত্তিক এ আদালতকে ইসরায়েলবিরোধী রাজনৈতিক সরঞ্জামে পরিণত করবে বলেও মন্তব্য করেন তিনি।
বেনসৌদা জানান, প্রাথমিক অনুসন্ধানে তারা এত তথ্য পেয়েছেন, যা ফিলিস্তিনি এলাকাগুলোতে ‘যুদ্ধাপরাধের’ তদন্ত শুরুর জন্য যথেষ্ট। আইনি বাধ্যবাধকতা ও অঞ্চলগুলোর বাস্তবিক পরিস্থিতি বিবেচনায় তদন্ত কোথায় কোথায় হবে, তার নির্দেশনা চেয়ে আইসিসির কাছে আবেদনও করা হয়েছে বলে জানান তিনি।