মেজর, ব্যবসায়ী কখনো বা সাংবাদিক পরিচয় দিয়ে অর্থ আত্মসাতের দায়ে বদরুল আলম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। গত বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ডিএমপির মিডিয়া বিভাগ। ডিবি সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অর্গানাইজ্ড ক্রাইম প্রিভেনশন টিমের সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হক জানান, টার্গেট ব্যক্তির সঙ্গে সাবলীল কথাবার্তা, আচরণ ও দামি পোশাকের মাধ্যমে কখনো নিজেকে ব্যবসায়ী, কখনো স্বনামধন্য পত্রিকার সাংবাদিক, কখনো সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে বিশ্বাস অর্জন করতেন বদরুল। পরে বিভিন্ন কৌশলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। সম্প্রতি চারজন সাংবাদিকের কাছে নিজেকে বড় ধরনের ওষুধ ব্যবসায়ীসহ এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসায়ী, ধানমণ্ডিতে নিজস্ব ফ্ল্যাট, কাফরুলে নিজের বাড়ি, নিজের ও স্ত্রীর নামে বিভিন্ন ব্যাংকে কোটি টাকা এফডিআর হিসেবে জমা রয়েছে বলে জানান। একপর্যায়ে উচ্চ লাভের প্রলোভন দেখিয়ে তাদের তার ওষুধ ব্যবসায় বিনিয়োগ করতে বলেন। তারাও তার কথায় বিশ্বাস করে বিভিন্ন সময়ে মোট ৫০ লাখ টাকা বিনিয়োগ করেন। কয়েক মাস যেতেই সে তাদের নিকট হতে টাকা নেওয়ার কথা অস্বীকার করে। টাকা চাইতে গেলে তাদের প্রাণনাশের হুমকি এবং ফেইসবুকে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ও মানহানিকর পোস্ট দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে। পরে ভুক্তভোগীদের একজন রমনা মডেল থানায় বদরুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।