বঙ্গবন্ধু বিপিএলের চলতি আসরে প্রথম জয় পেয়েছে রংপুর রেঞ্জার্স। গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তারা ৬ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। টস হেরে চট্টগ্রাম করে ৭ উইকেটে ১৬৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন লঙ্কান ব্যাটসম্যান আভিস্কা ফার্নান্দো। জবাবে ৮ বল হাতে রেখে ৪ উইকেটে প্রয়োজনীয় রান তুলে ফেলে রংপুর। মাত্র ৩৭ বলে ৭৬ রানে অপরাজিত ছিলেন লুইস গ্রেগরি। ব্যাটে-বলে পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা হন লুইস।
আগের ম্যাচেই কুমিল্লার বিপক্ষে চলতি বিপিএলের সর্বোচ্চ স্কোর গড়েছিল স্বাগতিক দলটি। রংপুরের কাছে গতকাল হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। গতকাল প্রথম ওভারেই সিমন্স ফেরেন শূন্য রানে। দলীয় ২২ রানে ফেরেন ইমরুল কায়েস (১০)। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে ব্যাট চালাতে থাকেন আভিস্কা। দলীয় ৬৬ রানে নাসির হোসেন ফেরেন (৯)। ৩২ বলে চলতি বিপিএলে নিজের প্রথম অর্ধশত তুলে নেন আভিস্কা। ১২তম ওভারে আভিস্কা ফেরার পর আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। আভিস্কার ৭২ রানের ইনিংসে ছিল ৮ চার ও ৪ ছক্কা। গত ম্যাচে অপরাজিত ৭১ রান করা ওয়ালটন এদিন ফেরেন ১৬ রানে। শেষদিকে নুরুল হাসান সোহানের ১৮ বলে ২০ এবং লিয়াম প্লানকেটের ১২ বলে অপরাজিত ১৭ রানে লড়াইয়ের পুঁজি পায় চট্টগ্রাম। চট্টগ্রামকে মাঝারি সংগ্রহে আটকে দিতে ভূমিকা রেখেছেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করে ২৩ রানে নেন ২ উইকেট। এছাড়া লুইস গ্রেগরিও ২৭ রানে নেন ২ উইকেট। জয় পেতে এদিন অধিনায়কত্বে পরিবর্তন আনে রংপুর। সেটাই কাজে লেগেছে। মোহাম্মদ নবীর বদলে গতকাল অধিনায়কত্ব করেন টম অ্যাবেল।