দাবাং ৩ নিয়ে রূপালি পর্দায় ফিরেছেন ভাইজান। গরিবের রবিনহুড পাণ্ডে কীভাবে চুলবুল পাণ্ডে হলেন এবং যুবক পাণ্ডেজি'র প্রেম খুশি (সাই মঞ্জরেকর)-র সঙ্গে রোমান্স দেখতে বড়দিনের ছুটিতে হলগুলোতে ভক্তরা উপচে পড়বে এমনটাই আশা ছিল প্রযোজনা সংস্থা সালমান খান ফিল্মস-এর।
কিন্তু সেই আশায় গুড়ে বালি ঢেলে দিল ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে চলমান আন্দোলন।
আন্দোলনের কারণে মুক্তির প্রথম দিনেই ধাক্কা খেলেন পাণ্ডেজি।
উৎসবের আবহে সালমান খানের ছবি মুক্তি পেয়েছে সেটাই জানলো না জনগণ। সবাই এখন রাস্তায় আন্দোলনে ব্যস্ত।
নিজেদের ‘ভারতীয় প্রমাণে’ ১৪৪ ধারা লঙ্ঘন করে চলেছে আন্দোলন। ফলে চুলবুল পাণ্ডে এবার কী করে দুর্ধর্ষ দুশমন বালি সিং (কে সুদীপ)-কে দমন করবে, তা দেখার সময় নেই। সেভাবে দাবাংয়ের মুক্তির বিষয়ে আগ্রহ দেখায়নি আমজনতা।
অনেক অনুরাগী আবার চলমান আন্দোলনে সালমানের নীরবতাকে মেনে নিতে পারছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক বান্দ্রার এক যুবকের দাবি, ‘ভাইজানকে আমরা নিজেদের লোক মনে করি। দেশে এতকিছু হয়ে গেল আমাদের প্রত্যাশা ছিল উনি কিছু একটা বলবেন। কিন্তু ওর নীরবতা আমরা মেনে নিতে পারিনি। তাই হতাশা থেকে বলতে পারেন খানিকটা অভিমানে দাবাং দেখতে যাইনি।’
প্রথমদিনে মাত্র গড়ে ২৩ কোটির ব্যবসা করেছে দাবাং ৩। যেখানে সালমানের অন্য ছবি মুক্তির প্রথম তিন দিনেই সারা ভারতে প্রায় ১০০ কোটির ব্যবসা করে নেয়।
বলিউডে ছবি পরিবেশনার (ট্রেড অ্যানালিস্ট) সঙ্গে যুক্ত গিরিশ জোহর বলেন, ‘আমরা হিসেব করে দেখেছি প্রথম দিনের গড় আয় থেকে এবার ১২-১৫ শতাংশ কম আয় হয়েছে। দেশব্যাপী যে প্রতিবাদ-বিক্ষোভ চলছে তার রেশ এসে পড়েছে বক্স অফিসে।’