'ছাত্রদের রক্ষা করতে পারি না, এই শিক্ষকতার কি দাম?'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. রুশাদ ফরিদী ডাকসু ভিপি নুরুল হক নুরসহ সহযোগীদের ওপর হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ছেন। 

রোববার ভিপি নুরুল হক নুরের দপ্তর ও ডাকসু ভবনে হামলা ও ভাঙচুর চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এতে ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। হামলা-ভাঙচুরে ভিপি নুরসহ বেশ কয়েকজন আহত হন।

এ ঘটনায় নিজেকে প্রত্যক্ষ্যদর্শী দাবি করে রুশাদ ফরিদী তার ফেইসবুকে লেখেন, 'শিক্ষকতা ছেড়ে দেয়ার সময় হয়েছে। চোখের সামনে ডাকসু ভিপি নুরু আর অন্যান্য ছাত্রদের মেরে শেষ করে ফেলা হল। কিছুই করতে পারলাম না। নিজেদের ছাত্রদের রক্ষা করতে পারি না এই শিক্ষকতার কি দাম আছে? ডাকসু অফিসের দোতলায় উঠে দেখি কেউ কেউ পানি পানি বলে চিতকার করছে। কেউ অজ্ঞান হয়ে পড়ে আছে। ওরা দরজা বন্ধ করে বসেছিল। বার বার আশ্বাস দেয়ার পরেও ভয়ে দরজা খুলছে না। বলছিল, লাইট নিভিয়ে দিয়ে লোহার রড দিয়ে এলো পাথারি মারা হয়েছে। কয়েক বোতল পানি শুধু এগিয়ে দিতে পারলাম। এইটা একটা বিশ্ববিদ্যালয়? আর আমিও একজন শিক্ষক? ছিঃ ছিঃ ছিঃ'।

বাধ্যতামূলক ছুটিতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. রুশাদ ফরিদী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সিঁড়িতে ক্লাস নিয়ে আলোচনায় আসেন। 

এর আগে ‘আমি শিক্ষক আমাকে ক্লাসে ফিরে যেতে দিন’ লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন তিনি ফেইসবুকে ভাইরাল হন।