এইএসএসকে আয়োজিত সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

প্রথমবারের মতো অ্যাসোসিয়েশন অব এক্স স্টুডেন্টস অব শাহীন কুর্মিটোলা (এইএসএসকে) আয়োজিত সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে এস এস সি ১৯৭৮ থেকে ২০১৬ পর্যন্ত মোট ১২ টি স্কুল ব্যাচের প্রাক্তন ছাত্ররা অংশ নেন।

গত ১৩ ডিসেম্বর শুরু হয়ে ২০ ডিসেম্বর ফাইনালের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে। ফাইনালে অংশগ্রহণ করে দুরন্ত শাহীন-৯৬ এবং মহাপ্রলয়-১০। দুরন্ত শাহীন-৯৬ টসে জিতে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ৭৩ রান করে। জবাবে মহাপ্রলয়-১০ তিন ওভারে ৭৮ রান করে ৪ উইকেটে চ্যাম্পিয়ন হয়। অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে মহাপ্রলয়-১০ এর সোহেল ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।

ফাইনাল খেলা শুরুর পূর্ব মুহূর্তে এসএসসি ১৯৯৮ ব্যাচের প্রাক্তন ছাত্র এবং এইএসএসকের আজীবন সদস্য অকালপ্রয়াত মোজাম্মেল হোসেন ফরহাদ এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত সবাই তার স্মরণে কালো ব্যাজ পরিধান করে শোক প্রকাশ করেন।

বি এ এফ শাহীন কলেজের ভাইস প্রিন্সিপাল আবু হোসেন মন্ডল বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে এইএসএসকে এর সভাপতি শাহ আলম চৌধুরী এবং ক্রীড়া সম্পাদক জাফরুল হাসান শিপলুসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।